দ্য মিরাকল মর্নিং - হল এলরড বই নিয়ে আলোচনা: আতিয়া ইবনাত এষা

দ্য মিরাকল মর্নিং - হল এলরড

হল এলরডের লেখা "দ্য মিরাকল মর্নিং" বইটি মূলত এমন একটি বই যেখানে একজন ব্যক্তি তার জীবনের সবচেয়ে খারাপ অবস্থান থেকে কীভাবে তার জীবনের সবচেয়ে ভালো অবস্থানে বা উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে সে সম্পর্কে লেখক তার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বেশ কিছু কৌশল এখানে উপস্থাপন করেন।


বইটিতে আমরা মোট ১৪ টা অধ্যায় দেখতে পাই। আর বইয়ের সূচনাতে আর লেখকের জীবনে ঘটে যাওয়া সেই সত্য কাহিনিটি পাই যেখানে হল এলরড বর্ণনা করেছেন কীভাবে তিনি তার জীবনে চরম ব্যর্থতম পর্যায় থেকে উঠে এসে পরবর্তীতে সফল হয়েছেন এবং তার লেখা অনেক বইই পরবর্তীতে ইন্টারন্যাশনাল বেস্টসেলার বইয়ের তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছে। যেমন : "দ্য মিরাকল মর্নিং" বইটি।


বইটিকে আমরা মূলত একটি আত্নউন্নয়নমূলক বই বলতে পারি। যেখানে লেখক পৃথিবীর সেইসকল মানুষকে পথ দেখিয়েছেন যারা মূলত তাদের জীবন সম্পর্কে হতাশাগ্রস্ত কিন্তু তারা ভবিষ্যতে তাদের জীবনে সফল হতে চায় অথচ সঠিক সময় ব্যবস্থাপনার অভাবে তারা ব্যর্থ হয়েছেন। সাফল্য অর্জনের ক্ষেত্রে সবার প্রথমে যা দরকার তা হলো সুস্বাস্থ্য। আর নিজেকে যোগ্য করে তুলতে প্রয়োজন সময়। লেখক একটা পরিসংখ্যানে খেয়াল করেছেন যে পৃথিবীতে অধিকাংশ মানুষ সকাল ৭ টার দিক ঘুম থেকে ওঠে। আর তাইতো যারা সফল হতে চায় তিনি তাদের ভোর ৫ টার দিক ঘুম থেকে ওঠার পরামর্শ দেন। যাতে করে এই অতিরিক্ত ২ ঘন্টা সময়কে তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে। 


বইয়ের ৬ নাম্বার অধ্যায়ে হল এলরড S.A.V.E.R.S জীবনের ছয়টি অনুশীলনের কথা বলেন এবং তিনি বিশ্বাস করেন এই ৬ টি অনুশীলন মানুষের অমিত সম্ভাবনাকে ব্যর্থ হওয়ার হাত থেকে নিশ্চিতভাবে রক্ষা করবে। অনুশীলন ৬ টি হলো -


  •     1. S = Silence (নীরবতা)
  •     2. A = Affirmations (ইতিবাচক    দৃষ্টিভঙ্গি)
  •     3. V = Visualization (মানসচিত্র গঠন)
  •     4. E = Exercise (শরীরচর্চা)
  •     5. R = Reading (বই পড়া)
  •     6. S = Scribing (ডায়েরি লিখন)


একজন পাঠক হিসেবে আমি মনে করি, বইটি নিঃসন্দেহে একটি ভালো বই। যা ছাত্র/ছাত্রী, শিক্ষক, পেশাজীবী, কর্মজীবী সবাই পড়তে পারেন। তবে একজন শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বইটি সকল শিক্ষার্থীর পড়া উচিত।যাতে লেখক হল এলরডের জীবন কাহিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, আর তার শেখানো কৌশলগুলোকে অনুসরণ করে সকল শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন, কর্মজীবন পরিশেষে ব্যক্তিজীবনে উন্নতির সর্বোচ্চ চূড়ায় আরোহণ করতে পারে।


________

দ্য মিরাকল মর্নিং - 

মূল লেখক: হল এলরড

ভাষান্তর: এস. এম.শাহ্ আলম সৈকত 

আলোচক: আতিয়া ইবনাত এষা


প্রচ্ছদ: গুগল জেমিনি

কোন মন্তব্য নেই

মার্জিত মন্তব্য প্রত্যাশিত